রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে একটি পক্ষ। তবে আরেক পক্ষ জানিয়েছে, তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। এ নিয়ে অবরোধ প্রত্যাহার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে একটি পক্ষের অবরোধ প্রত্যাহারের ঘোষণাতেই ২০ দিন পর গতকাল বুধবার জমজমাট হয়ে ওঠে স্থানীয় উজোবাজার। অবরোধের কারণে এত দিন বাজারটির বেচাকেনা কার্যত বন্ধ ছিল। সাজেক সড়কেও যানবাহন চলাচল করেনি।
তবে এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের কর্মসূচি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাজেকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সাজেক উজোবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন চাকমা প্রথম আলোকে বলেন, বুধবার হাটে মানুষের সমাগম হয়েছে। কলাসহ কৃষিপণ্য কিনতে ব্যবসায়ীরা বাজারে এসেছেন। এককথায় বাজার জমজমাট ছিল।
তবে একটি পক্ষ এখনো অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।স্থানীয় সূত্র জানায়, সাজেক এলাকার সবচেয়ে বড় বাজার উজোবাজার।
সূত্র: প্রথম আলো