ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। তবে এ প্রকল্পের আগে বগুড়ার বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, বগুড়ার প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে যাওয়ায় সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান।রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে।
সূত্র: প্রথম আলো