সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব করা হয়েছে। কিছু সংজ্ঞাও বদলানো হয়েছে। তবে এসব বিষয়কে ফৌজদারি অপরাধ হিসেবে রাখার বিধান বহাল রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধু শাস্তি কমালে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা ও আইনের অপব্যবহারের ঝুঁকি দূর হবে না। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে গতকাল বুধবার খসড়াটি প্রকাশ করা হয়েছে।
এর ওপর চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সর্বসাধারণের মতামত চাওয়া হয়েছে। নতুন খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে কমিয়ে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা ৪০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। মানহানির সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা ২০ লাখ থেকে কমিয়ে ৫ লাখ টাকা করার কথা বলা হয়েছে। নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাবও রয়েছে নতুন খসড়ায়।
এসব মাধ্যমে প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তারের আগে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো