নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শানুখালী এলাকায় এ ঘটনা ঘটে।ওই যুবকের নাম মো. রাসেল (২৭)। তিনি উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নিহত রাসেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।পুলিশের ধারণা, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যেই পরিত্যক্ত ঘরে মাটিচাপা দিয়ে পালিয়ে গেছেন।পুলিশ জানায়, গত শুক্রবার রাসেল তাঁর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনার পরদিন গত শনিবার রাতে তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।সিরাজুল ইসলামের এ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
সূত্র: প্রথম আলো