রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা মামলায় এক বছরের মাথায় রায় ঘোষণা হলো। রায়ে আসামি লিমন মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আলাদা দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২–এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার (৩৫) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে।
তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। তিনি উপজেলার গজারিয়াহাট ও বালাসী ঘাট এলাকায় বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।নিহত তাওসিফ রহমান ওরফে সুমন (১৬) রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণিতে পড়ত। গত বছরের ১৩ নভেম্বর ভাড়া বাসায় সে খুন হয়। ওই সময় তার মা তাসমিন নাহার (৪৪) গুরুতর আহত হন। তাওসিফ তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে।
ঘটনার সময় তাঁরা রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে লিমন মিয়া বাসায় প্রবেশ করেন।
সূত্র: প্রথম আলো