সিরাজুল হকের চোখে তখন গর্বের ছায়া। একটু আগেই তিনি মঞ্চ থেকে নেমে এসেছেন ক্রেস্ট হাতে। সেটি তাঁর নিজের নয়, সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হওয়া মেয়ে নিগার সুলতানার। মেয়ের হয়ে এই পুরস্কার হাতে নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে সিরাজুল বললেন, ‘মনে হচ্ছে জীবনটা সার্থক।’গত বছর নেপালে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল।
বাছাইপর্বে নিগার অধিনায়ক ছিলেন, ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৪১ রান। এই পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে সেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি।পুরস্কার নিতে নিগার কাল উপস্থিত থাকতে পারেননি সোনারগাঁও হোটেলে। আইসিসি ইমার্জিং নেশনস কাপে খেলতে তিনি এখন আছেন ওমানে।
নিগারের হয়ে পুরস্কার নিতে শেরপুর থেকে ঢাকায় এসেছেন তাঁর বাবা সিরাজুল হক।নিগার সুলতানা মেয়ের পুরস্কার হাতে নিয়ে পুরোনো দিনে ফিরে যান নিগারের বাবা।
সূত্র: প্রথম আলো