দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ তানভির হুসাইন। ১ নভেম্বর তিনি এ পদে যোগ দেন। একটি ভবিষ্যৎ উপযোগী ডিজিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পেশাগত জীবনে দীর্ঘ তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে সৈয়দ তানভির হুসাইনের।
এর মধ্যে দুই দশকের বেশি সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ তানভির হুসাইন প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবর্তন, কর্মী ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, ব্যবসার প্রবৃদ্ধি এবং কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে কাজ করেছেন।টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা, উৎপাদনসহ বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে সৈয়দ তানভির হুসাইনের।
এসব খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, পরিবর্তন আনা এবং কর্মীদের দক্ষতা ও কাজের মানকে গুরুত্ব দেয় এমন কর্মসংস্কৃতি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।বাংলালিংকে যোগ দেওয়ার আগে আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজ্যুমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে দায়িত্ব পালন করেন তানভির।
সূত্র: প্রথম আলো