রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ডেঙ্গুর ঝুঁকিতে থাকা কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হলেও নতুন উদ্বেগ তৈরি করেছে বসতবাড়ির আশপাশে এডিস মশার লার্ভার উপস্থিতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক জরিপে শনাক্ত হওয়া এডিস লার্ভার প্রায় অর্ধেকই (৫০ শতাংশ) পাওয়া গেছে বাসাবাড়ির আশপাশে।
এ অবস্থায় শুধু মশকনিধনের ওপর নির্ভর না করে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।
‘ডেঙ্গুর বর্তমান প্রবণতা, প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে উদ্ভাবনী কৌশল’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।সেমিনারে প্রশাসক জানান, নিয়মিত মশকনিধনের পাশাপাশি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার ফলে গত মার্চ ও অক্টোবর মাসের জরিপে তুলনামূলক চিত্রে দেখা গেছে, আগে ঝুঁকিপূর্ণ থাকা ওয়ার্ডগুলোর পরিস্থিতির উন্নতি হয়েছে।
সূত্র: প্রথম আলো