রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত কয়লা নামের একটি বারে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গতকাল রাতে ঘটনার সময় আটক করা দুই ছাত্রলীগ নেতাও রয়েছেন। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার রাত ১২টার পর বারের সামনে ও ভেতরে মারধরের শিকার হন ছাত্রলীগের নেতা–কর্মীরা। মারধরের শিকার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বাদী হয়ে আজ দুপুরে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।
মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা (২৩) ছাড়াও ছাত্রলীগের নেতা মো. সুমন মিয়া (৩০) ও মো. আকবর হোসেন (২৭) রয়েছেন।
সূত্র: প্রথম আলো