রংপুর নগরীতে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে উল্টে পড়লে চাপা পড়ে ওই ঘরের ঘুমন্ত অবস্থায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা। আজ শুক্রবার ভোর চারটার দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাসলিমা আক্তার (১১)। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম (২৬) গুরুতর আহত হয়েছেন।
তিনি স্থানীয় পিন্টু মিয়ার স্ত্রী।এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও চালকের সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশে দিয়েছেন। ট্রাকচালক মেহেদী হাসানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোসলিমপুর গ্রামে।
তাঁর সহকারী শ্রাবণ রংপুর নগরের হাজিরহাট থানার রাধাকৃষ্ণপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক ও চালকের সহযোগী পুলিশের হেফাজতে রয়েছে।
সূত্র: প্রথম আলো