গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
এ ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত হননি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেল সংশ্লিষ্টরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর পূবাইল স্টেশন অতিক্রম করে কিছুটা সামনে এগোতেই ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেন চালক। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
এ সময় আশপাশের এলাকার বাসিন্দারাও এগিয়ে এসে সহযোগিতা করেন।
সূত্র: প্রথম আলো