রোদ–ঝলমলে দিন। বিস্তীর্ণ শর্ষখেতের মধ্যে বিশ্রাম নিচ্ছে একটি শিয়াল। হঠাৎ তার মাথার কয়েক ফুট ওপর দিয়ে উড়তে শুরু করল দুটি ড্রোন। ভয়ে দৌড়াতে শুরু করল শিয়ালটি। মানুষের কনটেন্ট তৈরির লোভে তার বিশ্রামের মুহূর্ত পরিণত হলো আতঙ্কে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে ঘাসের ওপর ঘুমাচ্ছে একটি কুকুর। এক তরুণ এসে কুকুরটির লেজে ক্লিপ দিয়ে কয়েকটি বেলুন বেঁধে দেন। পরে দূর থেকে ঢিল ছুড়ে বেলুনগুলো ফাটানো হয়।
বিকট শব্দে ঘুম ভেঙে যায় কুকুরটির। আতঙ্কে লাফিয়ে দিগ্বিদিক ছুটতে থাকে প্রাণীটি। এভাবে প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দিয়ে বাড়াচ্ছেন ভিউয়ের আশায়। তবে এবার এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার করলে হতে পারে কারাদণ্ড ও জরিমানা। প্রথম ভিডিওটি চলতি বছরের মে মাসে ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
‘শেয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ ক্যাপশনের ভিডিওটি দেখা হয়েছে ৭ লাখ ৮১ হাজার বার।
সূত্র: প্রথম আলো