ঘরে ঘুমিয়ে ছিল ১৩ বছরের কিশোরী আফরিন আক্তার। তখন বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে মামি সোনিয়া আক্তার তার ঘরে ঢুকে শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে আফরিনকে ভর্তি করা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রায় এক মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
ঘটনার ৪৯ দিন পর আজ শুক্রবার বিকেলে আফরিন মারা যায়। জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৫ সেপ্টেম্বর আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে আছেন।
আফরিনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক প্রথম আলোকে বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সূত্র: প্রথম আলো