চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে।
তাঁর দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তাঁর দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়।
তবে পারিবারিক কোনো বিরোধ আছে কি না, তা জানাতে পারেননি স্বজনেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়।
সূত্র: প্রথম আলো