দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের চিকিৎসা মূলত বেসরকারি খাতনির্ভর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পক্ষে ২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব। দেখা যাচ্ছে, ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশ পিছিয়ে।ডায়াবেটিসবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ (২০২৫) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অনুমিত সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি।
ডায়াবেটিসের রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ সপ্তম। গতকাল শুক্রবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে তাঁদের ডায়াবেটিস আছে। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে।আজ বিশ্ব ডায়াবেটিস দিবস।
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
সূত্র: প্রথম আলো