সকাল সাতটার মধ্যে বন্ধুরা নির্ধারিত লঞ্চে এসে পৌঁছাবেন, সেভাবেই প্রস্তুতি নেওয়া। কিন্তু বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা মধ্যরাতেই এসে হাজির। আগে থেকেই লঞ্চে বসে বন্ধুদের জন্য উপহার ব্যাগ তৈরি করাসহ অন্যান্য প্রস্তুতি নিচ্ছিলেন জাতীয় পর্ষদ ও ঢাকা মহানগরের স্বেচ্ছাসেবকেরা। তাঁদের সঙ্গে সেই কাজে যোগ দেন অন্য বন্ধুরাও। সারা রাত চলে এই কর্মযজ্ঞ। উৎসবের আমেজের মধ্যেই ভোর হতে হতে লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রিন্স আওলাদ-৭ লঞ্চ পরিণত হয় বন্ধুত্বের মহা মিলনমেলায়।গতকাল শুক্রবার সকালে এমনই দৃশ্য তৈরি হয় প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে। ‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্যাপিত হয়।
সূত্র: প্রথম আলো