সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক দোষ ও সীমাবদ্ধতা ছিল। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব তাঁদেরই নেওয়া উচিত ছিল।আজ শনিবার রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে আয়োজিত আলোচনা সভায় এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় এম সাখাওয়াত হোসেন বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এ জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচনে টাকার প্রভাব কমানো ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।নির্বাচনী ব্যবস্থার সংস্কারে সুজন দীর্ঘদিন কাজ করছে উল্লেখ করে সাবেক এ উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রার্থীদের তথ্য প্রকাশ, নির্বাচনী ব্যয় কমানো, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনা জরুরি।দেশে বর্তমান ব্যবস্থায় নির্বাচনী প্রচারের ব্যয় ও বিধিনিষেধ নিয়েও কথা বলেন এম সাখাওয়াত হোসেন।
সূত্র: প্রথম আলো