বিদ্যুতের খুঁটিতে উঠে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের তার কাটছিলেন এক ব্যক্তি। নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আরও তিনজন। হঠাৎ ট্রান্সফরমারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গারে পরিণত হন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ দৃশ্য দেখে নিচে থাকা তিনজন পালিয়ে যান। আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো উদ্ধার করা যায়নি।
তাঁর মুখমণ্ডলসহ পুরো শরীর এতটাই পুড়ে গেছে যে তাঁকে এখন শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তকরণের সুযোগও নেই বলে জানিয়েছে পুলিশ।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। ওই ব্যক্তি বলেন, আগুন ধরে যাওয়ার পরপর ঘরের জানালার গ্লাস খুলে তিনি তিনজনকে দৌড়ে পালাতে দেখেছেন। আর একজন ওপরে আগুনে পুড়ছিলেন।
বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, এর মধ্যেই ওই ব্যক্তির পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, রেললাইন থেকে ১০ গজের ভেতর কোনো ঘটনা ঘটলে তা রেলওয়ে পুলিশ দেখে।
সূত্র: প্রথম আলো