একসময় ছিলেন জেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল তাঁর। তবে দলের মনোনয়ন পাননি। তাঁর দাবি, মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিসহ দলের নেতাদের নগদ ও চেকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন, তবু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। টাকা ফেরত চেয়ে একটি মামলা করে প্রথমবারের মতো আলোচনায় আসেন কামাল উদ্দিন।
মামলার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।মামলা ও বহিষ্কার হওয়ার এ ঘটনা চার বছর আগের। তবে সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে নতুন করে আলোচনায় আসেন কামাল উদ্দিন। অবশ্য আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করে নানা মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বছর দেড়েক ধরে আলোচনায় রয়েছেন তিনি।পেশায় আইনজীবী কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে।
তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ–আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
সূত্র: প্রথম আলো