অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে।
মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকার করতে অতিথি পাখিদের কোলাহল, কলরব, গুঞ্জনে চলনবিল হয়ে উঠেছে মিলনমেলা।নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিল।
বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার একটা বড় অংশজুড়ে এর অবস্থান।
সূত্র: প্রথম আলো