সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ১৯৮১ সালের ৬ জুন একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তিন সদস্যের সেই ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত কমিশন’ তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের কাছে প্রতিবেদন দাখিল করলেও এত দিন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) তদন্ত কমিশনের দেওয়া সেই প্রতিবেদন উদ্ধার করেছে।
সেই প্রতিবেদন ধরে দুই পর্বে লিখেছেন প্রদীপ সরকার। আজ প্রকাশিত হলো প্রথম পর্বআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা প্রথম আলোকে বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী এবং মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে চট্টগ্রাম থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিশনের দেওয়া একটি প্রতিবেদন সম্প্রতি উদ্ধার করা হয়েছে।
কমিশনের প্রাথমিক দায়িত্ব ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র ছিল কি না, থাকলে কারা সেই ষড়যন্ত্র করেছিলেন, তাঁদের উদ্দেশ্য কী ছিল এবং কারা সহযোগিতা করেছিলেন—এসব বিষয় অনুসন্ধান করা।কিন্তু কমিশন গঠনের পরপরই ১৯৮১ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের কার্যপরিধি থেকে ষড়যন্ত্র অনুসন্ধানের পুরো অংশটি বাদ দেওয়া হয়েছিল।
সূত্র: প্রথম আলো