কাতারের রাজধানী দোহায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে কাতার বন্ধুসভা। ১৩ নভেম্বর দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি উদ্বোধন করা হয় কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইট।সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন।
ততক্ষণে কাতারের বিভিন্ন এলাকা থেকে চলে আসেন বন্ধুসভার সদস্যরা। এরপর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার বন্ধুসভার সভাপতি শাকিল আহমেদ। সঞ্চালনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান।
শুভেচ্ছা বক্তব্যে উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন বিগত ছয় বছরে কাতারে বন্ধুসভার কার্যক্রম, সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের বন্ধন এবং প্রবাসে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় বন্ধুসভাকে এগিয়ে নিতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বন্ধুসভার সাম্প্রতিক বিভিন্ন আয়োজন ও কার্যক্রম নিয়ে মূল্যায়ন ও অনুভূতি প্রকাশ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ও নতুন বন্ধু হাবিব।
সূত্র: প্রথম আলো