ই-মেইল পাঠানো যাচ্ছে না, অনলাইনে সভা করা যাচ্ছে না, প্রয়োজনীয় ফাইল খুলছে না। কোনো কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজও থমকে গেছে। অথচ সমস্যাটি ব্যবহারকারীদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগের কারণে নয়। সমস্যাটি হাজার হাজার মাইল দূরে থাকা কোনো কম্পিউটার সার্ভারে। গত বৃহস্পতি ও শুক্রবার মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয় আবারও দেখিয়ে দিয়েছে, আধুনিক ডিজিটাল বিশ্ব কতটা নির্ভরশীল অদৃশ্য এক অবকাঠামোর ওপর।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তিতে নিজের কোনো ভুল নেই।গত বৃহস্পতিবার থেকে মাইক্রোসফটের মাইক্রোসফট ৩৬৫ সেবায় বড় ধরনের সমস্যা শুরু হয়। এর প্রভাব পড়ে আউটলুক, মাইক্রোসফট টিমস, কোপাইলট, শেয়ারপয়েন্টসহ বিভিন্ন সেবায়। বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন। অনেকেই ই-মেইল আদান-প্রদান, অনলাইন সভা ও প্রয়োজনীয় নথি ব্যবহার করতে পারেননি।
শনিবার মাইক্রোসফট জানায়, আক্রান্ত গ্রাহক ও অঞ্চলে সেবা পুনরুদ্ধার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো