ফরাসি কবি আনা দ্য নোয়াইয়ের জন্মের দেড় শ বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ নভেম্বর। ১৮৭৬ সালের এই দিনে প্যারিসে জন্মেছিলেন আনা এলিজাবেথ দ্য ব্রাঙ্কোভান, যিনি পরে আনা দ্য নোয়াই নামে পরিচিত হন।বেল এপোক। ইউরোপে, বিশেষ করে ফ্রান্সের ইতিহাসে ১৮৭১ সাল থেকে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগপর্যন্ত সময় ‘বেল এপোক’ হিসেবে চিহ্নিত; যার আক্ষরিক অর্থ ‘সুন্দর সময়’।
সময়টি ছিল ইউরোপের শিল্প, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্য, সংগীত ও সংস্কৃতির অসাধারণ বিকাশের। ইমপ্রেশনিজমের বিচ্ছুরণ, প্রতীকবাদের উত্থান ও আধুনিক শিল্পচিন্তার নানা পরীক্ষা-নিরীক্ষায় কালপর্বটি ছিল গুরুত্বপূর্ণ। মোনে, রেনোয়া, দেগা, তুলুজ-লোত্রেকের মতো শিল্পীরা আলোচিত হন। মার্সেল প্রুস্ত, আনাতোল ফ্রাঁস, আন্দ্রে জিদসহ বহু লেখক স্বমহিমায় খ্যাত হন। স্থাপত্যে ‘আর্ট নুভো’ শিল্পধারার প্রকাশ ঘটে।
স্থাপত্য, অলংকরণ ও নকশায় আসে নতুনত্ব।
সূত্র: প্রথম আলো