শব্দদূষণ নিয়ন্ত্রণে ‘নীরব এলাকার’ ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন এবং অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতায় প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি ওই এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ–মতবিনিময়; সচেতনতা তৈরি এবং বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনা সম্পর্কিত সংশ্লিষ্ট আইন ও বিধি বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলের পাশাপাশি কয়েকটি নির্দেশসহ আদেশ দেন।
নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে তিন মাস পরপর আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো