আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে আছেন।রোববার বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ১৫০ সদস্যের ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।বিজিবির এই কর্মকর্তা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন।
অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।
সূত্র: প্রথম আলো