বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে শুধু ভারতের সঙ্গেই বাণিজ্যঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি গন্তব্যে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
ফলে ওই অর্থবছরে বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।মন্ত্রী জানান, দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে।
সূত্র: প্রথম আলো