নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা দ্রুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আজ সোমবার বেলা ১১টায় সভা হওয়ার কথা ছিল, তা সকালেই স্থগিত করে নিম্নতম মজুরি বোর্ড।আজ বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্থগিত হওয়া সভাটি দ্রুত করার আহ্বান জানায়। এতে বলা হয়, আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এতে মালিকপক্ষের প্রস্তাব দাখিলের দিন নির্ধারিত ছিল। মজুরি প্রস্তাব পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল।
তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভাটি স্থগিত করা হয়েছে।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হবে।
সূত্র: প্রথম আলো