শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। নতুন ধান ঘরে তোলার উৎসব নবান্ন ঘিরে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ছিল উৎসবের আমেজ। গান, নাচ, আবৃত্তি আর পিঠাপুলির আয়োজনে উদ্যাপিত হয় ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব’।পয়লা অগ্রহায়ণ সকাল সাড়ে সাতটায় শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা ওঠে।
জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে উৎসবের সকালের পর্ব চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত; আর বিকেলের পর্ব ছিল বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।উদ্বোধনী বাঁশির সুরের পর সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’।
পরে একে একে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।সকালের অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।নৃত্যের ছন্দে দর্শকদের মাতিয়ে তোলেন দলীয় নৃত্যশিল্পীরা।
সূত্র: প্রথম আলো