বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে গোমতী নদী ও আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ দূষণের কারণে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে।সোমবার জাতীয় সংসদে এ কথা বলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, গোমতী নদী ও এর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি হচ্ছে।
অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের পাশাপাশি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।এই সংসদ সদস্য বলেন, ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণী বিলুপ্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষণের কারণে মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তিনি।
তাঁর দাবি, ক্ষমতাশালীদের টাকা দেওয়ার বিনিময়ে অপরিশোধিত বর্জ্য খালে ফেলা হয়।এসব বিষয়ে তদন্তের দাবি জানিয়ে মনিরুল হক বলেন, ‘আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।’মনিরুল হক অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সূত্র: প্রথম আলো