বাপাউবোর ২০২৫ সালের একটি তালিকা বলছে, ভৈরব নদের ওপর ৫৫টি ছোট সেতু ও কালভার্ট রয়েছে।নদের কিছু এলাকায় ক্ষীণ ধারায় স্রোত বইছে। বেশির ভাগ এলাকা স্রোতহীন, প্রাণহীন। যেন বদ্ধ জলাশয়। জায়গায় জায়গায় অপরিকল্পিতভাবে নির্মিত ৪৮টি সেতু ও ৭টি কালভার্ট ভৈরব নদকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত প্রায় আড়াই মাসে আমি সব কটিই দেখে এসেছি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভৈরবের দক্ষিণ পাশে কাষ্টভাঙ্গা গ্রাম। আর উত্তর পাশে নিত্যানন্দী গ্রাম।
দুই গ্রামকে যুক্ত করেছে নদের প্রস্থের চেয়ে ছোট নিত্যানন্দী সেতু। গত ১ সেপ্টেম্বর কাষ্টভাঙ্গা গ্রামে নদের পাড়ে একটি টিনের চালার নিচে পা মেলে বসে কাঁথা সেলাই করছিলেন গ্রামের মর্জিনা খাতুন (৬০)। পাড়ে চরে বেড়ানো ছাগলগুলোর দিকেও নজর রাখছিলেন। সেতুটির দিকে আঙুল তুলে মর্জিনা খাতুন আমাকে বলেন, ‘ছোটবেলা থেকে নদের পানিতে গোসল করতাম। নদে অনেক পানি ছিল। এই সেতুর জায়গায় আগে বাঁশের সাঁকো ছিল। সাঁকো দিয়ে এলাকার লোকজন চলাচল করত।
পরে সেখানে সেতু হয়েছে।
সূত্র: প্রথম আলো