দূর থেকে ছাড়া এই সাদা ভবনটি কখনো কাছে গিয়ে দেখা হয়নি। নানা ইতিহাস-ঐতিহ্য সেখানে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। যখন জানতে পারলাম, আমরা রাষ্ট্রপতির আমন্ত্রণে শরতের কাশফুলের মতো ধবধবে সাদা অট্টালিকায় পদচারণ করব, তখন কী যে আনন্দ চোখেমুখে—তা বলে প্রকাশ করার ভাষা খেই হারিয়ে ফেলল। প্রথমবারের মতো দূর থেকে দেখা বিশাল প্রাসাদটিকে হাত দিয়ে স্পর্শ করব—এ যেন এক অন্য রকম অভিজ্ঞতা। কয়েক দিন ‘রাওয়া বইমেলা’ নিয়ে ব্যস্ততা গেল।
বেশ রাতে ফিরছি। ভাবছি, রাষ্ট্রপতির জন্য কী নিয়ে যেতে পারি? আমার লেখা ও সম্পাদিত বইগুলো তো রাষ্ট্রপতি হওয়ার আগে দিয়েছি। এবার ভাবলাম, আমার লেখা না দিয়ে আমার প্রকাশনার তিনটি বই দিই। অধ্যাপক ড. এমরান জাহান সম্পাদিত পলাশীর যুদ্ধ: সত্যের অনুসন্ধানে, দীপক সাহার লেখা রাজা রামমোহন রায়: সময়ের আগে হেঁটেছিলেন যিনি এবং সাইফুল আহসান বুলবুলের লেখা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক। এই তিনটি বই নিয়ে সকাল সকাল ছুটলাম।
ঠিক করা ছিল, বেলা সাড়ে ১১টায় ভবনের সামনে উপস্থিত থাকতে হবে।গুলিস্তান থেকে বঙ্গভবনের প্রবেশপথের সুপ্রশস্ত রাস্তার এক পাশে পা রাখতে দেখা হয়ে গেল একাত্তর টিভির আবদুল লতিফের সঙ্গে।
সূত্র: প্রথম আলো