গত সপ্তাহে আউটলুক, এক্সচেঞ্জ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস সফটওয়্যারকে অচল করে দেওয়া বৈশ্বিক বিভ্রাটের মূল কারণগুলো মাইক্রোসফট চিহ্নিত করেছে। মাইক্রোসফট গতকাল সোমবার একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তাদের সেবা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পেছনে তিনটি প্রধান কারণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে মাসের পর মাস ধরে লুকিয়ে থাকা একটি বাগ, অভ্যন্তরীণ সংযোগের ত্রুটি ও সার্ভারের ধারণক্ষমতা।
মাইক্রোসফটের নির্বাহী ব্যক্তিরা জানিয়েছেন, এই কারণগুলোর প্রতিটি আলাদাভাবে সহজেই সমাধান করা যেত। তবে সব কটি একসঙ্গে মিলে এমন একটি বড় বিপর্যয় তৈরি করেছিল, যা সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল।গত বৃহস্পতিবার মার্কিন ব্যবহারকারীদের আউটলুক ই–মেইল অ্যাকাউন্টে প্রবেশে বিঘ্ন ঘটার মধ্য দিয়ে এই বিভ্রাট শুরু হয়।
পরের দিনও এই সমস্যা অব্যাহত থাকায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ তাঁদের ই–মেইল বা অন্যান্য অফিস ৩৬৫ সেবা ব্যবহার করতে পারেননি।
সূত্র: প্রথম আলো