কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। এ ধরনের হামলার মাধ্যমে দ্রুত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং আর্থিক ব্যবস্থায় অনুপ্রবেশ করা সম্ভব। এ বিষয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট।
আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় বাংলাদেশের ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফিনটেক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সার্ট। সার্টের কর্মকর্তারা বলছেন, এআই-চালিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা এখন স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলার একাধিক ধাপ পরিচালনা করতে পারছে।
এর মধ্যে রয়েছে সার্ভারের দুর্বলতা খুঁজে বের করা, পাসওয়ার্ড ও পরিচয়সংক্রান্ত তথ্য চুরি, নিরাপত্তাব্যবস্থা অতিক্রম এবং গোপন তথ্য সংগ্রহ।সার্টের ওই সতর্কবার্তায় চিলির একটি আর্থিক প্রতিষ্ঠানে ঘটা সাইবার হামলার তথ্য তুলে ধরা হয়েছে।
সূত্র: প্রথম আলো