ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
ওই ঘটনার পর ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা মিছিল বের করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো