এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশ আটক করেছে।মারধরের শিকার প্রধান শিক্ষক হলেন ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও।
তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন।অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ওই শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানতে পারেন তার বাবা।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে কোনো কথা না বলেই তাঁকে চড়থাপ্পড় মারতে শুরু করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তাঁর চেয়ারে বসে আছেন।
সূত্র: প্রথম আলো