ঘড়ির কাঁটায় তখনো মধ্যরাত পেরোয়নি। শীতের হালকা কুয়াশা আর হিমেল বাতাস গায়ে মেখে রাজধানীর সদরঘাট টার্মিনালে একে একে জমতে শুরু করেছে তরুণদের জটলা। কারও চোখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, কারও হাতে ব্যাগ, কিন্তু সবার মুখেই এক অদ্ভুত দীপ্তি, প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আনন্দ। নির্ধারিত সময় ছিল শুক্রবার সকাল সাতটা।
অথচ দেশের উত্তরতম প্রান্ত পঞ্চগড় কিংবা দক্ষিণ-পূর্বের কক্সবাজার থেকে ছুটে আসা বন্ধুরা যেন আর অপেক্ষা করতে পারছিলেন না। ভোরের আলো ফোটার আগেই প্রিন্স আওলাদ-৭ লঞ্চের প্রতিটি ডেক ভরে উঠল প্রাণের কোলাহলে।‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের এই ব্যতিক্রমী আয়োজনের নাম ছিল ‘এসো মিলি জলধারায় ২.০’; সদরঘাট থেকে চাঁদপুর মোহনা হয়ে আবার সদরঘাট।
এই দীর্ঘ নৌপথে দিনব্যাপী মিলনমেলায় এক হয়েছিলেন সারা দেশের ৮৬টি বন্ধুসভার ১ হাজার ১৫০ জন সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী।
সূত্র: প্রথম আলো