‘ডাক্তাররা (চিকিৎসক) অস্ত্রোপচারের আগে ওষুধপত্র নিয়ে আসতে বলেন, এটাই জানি। কিন্তু এবার ওষুধের সঙ্গে পানিও আনতে বললেন। অপারেশন থিয়েটারে নাকি পানি নেই। রোগীদেরই পানি নিয়ে আসতে হবে। তাই পাঁচ লিটারের একটি বোতল নিয়ে এসেছি। ১০০ টাকা বাড়তি খরচ হয়েছে।’চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন জয়নাল আবেদীন। তাঁর ছোট ভাই আসাদুজ্জামানের (২৮) ডান পায়ের অস্ত্রোপচার আজ বুধবার।
কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আসাদুজ্জামানকে তাই আজ সকালে ওয়ার্ড থেকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুরে অপারেশন থিয়েটারের অপেক্ষাগারের একটি শয্যায় আসাদুজ্জামানের পাশে বসে ছিলেন জয়নাল। এ সময় জয়নালের সঙ্গে কথা হয়।চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতালে সার্বক্ষণিক পানির সরবরাহ প্রয়োজন।
অস্ত্রোপচারের আগে চিকিৎসক ও নার্সদের হাত পরিষ্কার করা, রোগীর অস্ত্রোপচারের স্থান প্রস্তুত করা, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার ও জীবাণুমুক্ত করা এবং অপারেশন থিয়েটার পরিচ্ছন্ন রাখার কাজে পানি ব্যবহার করা হয়।রোগীর স্বজনদের পাঁচ লিটার করে পানি কেনার কারণ জানতে গিয়ে জানা গেল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে।
সূত্র: প্রথম আলো