কারখানার কাজ শেষে বেতন নিয়ে বাড়িতে ফিরছিলেন আবু ইউসুফ। পথে দেখেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের বিরোধের জের ধরে একদল লোক একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করছেন। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে হামলাকারী ব্যক্তিরা ইউসুফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু ইউসুফ। তিনি একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন।নিহত আবু ইউসুফ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মফিজুল ইসলামের ছেলে।
তিনি ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সূত্র: প্রথম আলো