সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক হিসেবে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন রাশাদ নাকিব। আরেক সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে হিমালয়ের দুর্গম পাহাড়ি পথ ধরে দীর্ঘ ৯ দিন হেঁটে তিনি এই সাফল্য অর্জন করেন।
গতকাল মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছাতে রাশাদ নাকিবকে পার হতে হয়েছে এক কঠিন পথ। পাহাড়ি জনপদ পেরিয়ে এবং হিমশীতল আবহাওয়ায় পাথুরে ও বরফঢাকা পথ পাড়ি দিতে তিনি মূলত ব্যবহার করেছিলেন ট্রেকিং পোল (হাঁটার লাঠি), নিজস্ব স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মুখের নির্দেশনা।
পূর্বে এভারেস্টজয়ী অভিজ্ঞ পর্বতারোহী বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহায়তায় এই অভিযানের নেতৃত্ব দেন।পরিবর্তনশীল ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে রাশাদ নাকিবকে পথ দেখানোর অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন আল-শাইবানি।
সূত্র: প্রথম আলো