‘নিরাপত্তার কারণে’ খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার কোনো বাস খুলনা থেকে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।খুলনার দূরপাল্লার বাসগুলোর বড় অংশ গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে।
বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।এদিকে বুধবার দুপুরের আগেই বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে বৃহস্পতিবারের জন্যও টিকিট বুকিং বা বিক্রি করছে না।
তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।বাগেরহাটের দোলা বাস কাউন্টারের কাউন্টার ইনচার্জ মুস্তাকিম বিল্লাহ বলেন, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
সূত্র: প্রথম আলো