ইরানের একটি বিষয় নিয়ে অনেক আগে থেকেই ধাঁধায় ছিলেন পরিবেশবিদেরা। তাঁদের এই বিস্ময়ের কারণ, দেশটির বিপুলসংখ্যক জলাধার। এর পাশাপাশি রয়েছে পানি সরবরাহের জন্য বহু পাইপলাইন ও সুড়ঙ্গ। বিশেষ করে এই অবকাঠামোর অনেকগুলো এমন অঞ্চলে নির্মাণ করা হয়েছে, সাদাচোখে দেখলে মনে হয়, সেগুলোর প্রয়োজন নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
এরপর কিছু বিশ্লেষক মনে করছেন, তাঁরা তাঁদের পুরোনো সেই প্রশ্নের উত্তর পেয়েছেন। কারণ, হামলা হওয়া অনেক এলাকায় ইরানের জলাধার ও পানি প্রকল্প রয়েছে। সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেগুলো গড়ে তোলা হতে পারে বলে ধারণা তাঁদের।পানিনিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি ও জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তাঁর গবেষক দল বহু বছর ধরে ইরানে জলাধারের এই আধিক্য নিয়ে খোঁজখবর রাখছেন। ইরানে অন্তত ৫৩৩টি জলাধার রয়েছে।
উপসাগরীয় অঞ্চলে যেসব দেশে সবচেয়ে বেশি জলাধার রয়েছে, ইরান তার একটি।
সূত্র: প্রথম আলো