প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুখমিলা জামানসহ ১৭ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ মামলায় সাইফুজ্জামানকে ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। তাঁর স্ত্রী রুখমিলা জামানকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
মামলার অন্য ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী ছাড়া সাজাপ্রাপ্ত অন্য ১৫ জন হলেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও উৎপল পাল।
সূত্র: প্রথম আলো