জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে এ আবেদন করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে আবেদনটির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে (৮১) আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য তিনি।
২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদকে শিক্ষামন্ত্রী করা হয়।
সূত্র: প্রথম আলো