ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৩ নভেম্বর (আগামী রোববার) শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।গতকাল বুধবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন।
পাশাপাশি অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখতে অথবা বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ৭ নম্বর ক্রমিকে ওঠে।
সূত্র: প্রথম আলো