ব্রহ্মপুত্রের তীরে ঐতিহ্যবাহী দত্তের বাজারে বছরে লেনদেন ১২০ কোটি টাকার। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানার এ বাজার সপ্তাহের সোম ও শুক্রবার বসে।হিমালয় থেকে বয়ে আসা নদীবিধৌত পলিমাটিতে গড়া উর্বর জনপদ ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা। এ উপজেলার পাগলা থানার কোল ঘেঁষে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ।
নদের তীরে শত শত বছর আগে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ‘দত্তের বাজার’ এখনো স্থানীয় কৃষিনির্ভর বাণিজ্যের ধারক হয়ে টিকে আছে। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে এ অঞ্চলে বাণিজ্যের ইতিহাস অনেক সমৃদ্ধ। সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার দুপুরের পর বসে ঐতিহ্যবাহী এই হাট, তবে কেনাবেচা পুরোদমে জমে ওঠে শেষ বিকেল ও সন্ধ্যায়। সপ্তাহের এই দুই দিন পাল্টে যায় পুরো জনপদের চিত্র।
একদিকে ব্রহ্মপুত্রের ঘাটে একে একে ভিড়তে থাকে পণ্য ও যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা এবং ট্রলার; অন্যদিকে সড়কপথে ভ্যান, নছিমন, করিমন আর মিনিট্রাকের শব্দে মুখর হয়ে ওঠে বাজার এলাকা।
সূত্র: প্রথম আলো