ত্রিশ বছর আগে প্রথমবার যখন পাখিবিশেষজ্ঞ শরীফ খানের বাড়ি বাগেরহাটের ফকিরহাটের সাতশৈয়া গ্রামে যাই, তখন তিনি নিভৃতচারী দুটি পাখি দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, প্রথমটি গ্রীষ্মের প্রজনন পরিযায়ী হওয়ায় সে সময় আসেনি। দ্বিতীয়টিকে দেখার সম্ভাবনা থাকলেও দুর্ভাগ্যবশত চোখে পড়েনি। দেখতে দেখতে ১৬ বছর পেরিয়ে গেল। কর্মব্যস্ততায় ও দীর্ঘদিন বিদেশে থাকায় সাতশৈয়া যাওয়া হলো না।
কিন্তু শরীফ খানের মামাতো ভাই শিপলু খান ফি-বছর ওদের ডিম-ছানার তথ্য পাঠাতে লাগলেন। এরপর ২০১২-এ এল সেই মাহেন্দ্রক্ষণ, যখন বিরল পাখিটির প্রজনন প্রতিবেশ নিয়ে গবেষণা শুরু করলাম। আবার সাতশৈয়া যাওয়া শুরু হলো। তবে এবার আর শূন্য হাতে ফেরা নয়। দুটো পাখিরই ডিম-ছানার ছবি, মাপজোখসহ বহু অজানা তথ্য গবেষণাভান্ডারে পুঞ্জীভূত হলো।পরের বছরের ৫ জুলাই ভাগনে তানভির ইয়াসিরকে নিয়ে আবারও ফকিরহাট গেলাম।
পরদিন সকালে পৌঁছে নাশতা সেরেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম।
সূত্র: প্রথম আলো