মানুষের মনুষ্যত্ব ও সামাজিক মূল্যবোধের পরিচয় শুধু বড় বড় কাজেই নয়; দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণেও প্রকাশ পায়। জনপরিসরে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের বসার স্থানটি ছেড়ে দেওয়া তেমনই একটি সাধারণ অথচ তাৎপর্যপূর্ণ মানবিক আচরণ।গণপরিবহন, রেলস্টেশন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর কিংবা যেকোনো জনসমাগমস্থলে এই সামান্য উদ্যোগ একজন মানুষের প্রতি আপনার সম্মান ও সহমর্মিতার পরিচয় বহন করে।
এটি শুধু ব্যক্তিগত সৌজন্য নয়, বরং একটি সুন্দর ও দায়িত্বশীল সমাজ গঠনের সংস্কৃতি।ইসলাম মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সম্মান, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
বয়োজ্যেষ্ঠদের সম্মান করার বিষয়ে নবীজি (সা.) বলেছেন, ‘আল্লাহকে সম্মান করার অংশ হলো বয়োবৃদ্ধ মুসলিমকে সম্মান করা।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৪৩)এই হাদিসে বয়স্ক মানুষের প্রতি সম্মান প্রদর্শনকে নিছক সামাজিক শিষ্টাচার নয়, বরং ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
সূত্র: প্রথম আলো