ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে। দেশটিতে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ অভিযানের’ প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর এ হামলা চালানো হয়।ইয়েমেনে নতুন করে লড়াই শুরু হওয়ার পর সৌদি আরবকেও একের পর এক হামলার মুখে পড়তে হচ্ছে। গত জুলাইয়ে সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হয়।
সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে রিয়াদ, আর তাদের বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় আজ শনিবার ভোরে রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল।এর আগে বৃহস্পতিবার হুতিদের হামলায় সৌদি রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।গতকাল শুক্রবার লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল হুতিরা।
এরপরই সৌদি আরবে হামলা চালানো হয়।বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ সতর্কতা জারির কিছুক্ষণ পর তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
সূত্র: প্রথম আলো