ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনীতির মাধ্যমে সমাধানের আশা এখনো ছাড়েনি তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চায়। কিন্তু তাদের প্রস্তাব তাঁর কাছে গ্রহণযোগ্য নয়।ইরানের রাষ্ট্রীয় একটি সংবাদমাধ্যমকে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত আছে।
ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না, এমন নিশ্চিয়তা পেলেই তেহরান সমঝোতায় যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা এগিয়ে নেওয়ার আগে সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক কি না, তা নিশ্চিত হওয়া দরকার। উভয়পক্ষের মধ্যে আস্থা তৈরির বিষয়েও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর থেকে দফায় দফায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে।
সবশেষ গত মঙ্গলবারও কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এখন তুঙ্গে।
সূত্র: প্রথম আলো